প্রিন্ট এর তারিখঃ Sep 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 12, 2026 ইং
যশোর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীর

যশোর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীর
সুমন ঘোষ
নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীর। তিনি এর আগে একই কলেজের পেডিয়াট্রিক বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে তাঁকে যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে পদায়নের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীরকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করতে হবে।
নতুন কর্মস্থলে তাঁকে আগামী ১৬ আগস্টের মধ্যে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে। যোগদানের জন্য বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এইচআরএম ডাটাবেজে মুভআউট এবং নতুন কর্মস্থলে মুভইন সম্পন্ন করতে হবে। পাশাপাশি যোগদানের পর পিডিএসও হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অধ্যাপক ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীরের যোগদানপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন